আগরতলা, ১৭ নভেম্বর: দিনের হিসেবে আর মাত্র কয়েকটা দিন বাকি। হাতে আর মাত্র প্রায় ১০ দিন। তারপরই ২৭ নভেম্বর সকাল থেকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১টি পুর সংস্থা ও নগর সংস্থার নির্বাচন। আর ওইদিনই অনুষ্ঠিত হবে আগরতলা পুর নিগমের নির্বাচন। অর্থাৎ আগরতলা শহর দখলের লড়াই। সবমিলিয়ে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার বেশ জমে উঠেছে। প্রতিদিন সকাল থেকেই ভোটারদের মন পেতে নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দলের প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে হাজির হচ্ছেন। যার উদ্দেশ্য একটাই – কোনভাবে ভোটারদের মন পাওয়া এবং নিজেদের অনুকূলে অমূল্য ভোট টেনে আনা। এক্ষেত্রে শাসক দলের পাশাপাশি বিরোধী দলগুলিও পিছিয়ে থাকছে না। বিশেষ করে সিপিএম ও কংগ্রেসের প্রার্থীরাও এই মুহূর্তে দলীয় নেতাদের পাশে নিয়ে ভোট ভিক্ষায় নেমে পড়েছেন। বিরোধী সিপিএমের পক্ষ থেকে প্রচারের ময়দানে নেমে পড়েছেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা মানিক সরকার। আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় তিনি কের চৌমুহনি এলাকায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। সেই সভায় তিনি শাসক ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কাজকর্মের তুমুল সমালোচনা করেন। বর্তমান সরকারের দীর্ঘ প্রায় সাড়ে ৮ বছরের শাসনে রাজ্যের উন্নয়ন ইস্যুতে কার্যত প্রশ্ন ছুঁড়ে দেন মানিক। তাঁকে বলতে শোনা যায় যে এই সরকার কিসের সরকার? মানুষের কল্যাণে চেয়ারম্যান থেকে শুরু করে মন্ত্রী আমলাদের পর্যন্ত দেখা মিলে না। মানিকের দাবি, ৫ বছর অতিক্রম হলেও কাজ বলতে কিছুই নেই। নাগরিকরা তাদের সমস্যা নিয়ে কথা বলতে গেলে দেখা পান না চেয়ারম্যান কিংবা আধিকারিকের। নামমাত্র কর্মচারী থাকলেও তারা কিছুই করতে পারেন না। একইভাবে মন্ত্রীদের সঙ্গে কথা বলা যায় না, বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে কথা বলা যায় না। কথা বলার জায়গা নেই, কথা শোনার জায়গা নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আরো বলেন, লক্ষ লক্ষ শ্রমজীবী অংশের মানুষ কাজ পাচ্ছেন না। সকাল বেলায় তারা বাড়ি থেকে কাজের সন্ধানে দা খুন্তি নিয়ে বেরিয়ে যান। বটতলা, দুর্গা চৌমুহনী, মঠ চৌমুহনী বাজারে ভিড় জমান। কিন্তু কোন কাজ পায় না। তাই অর্ধাহার অনাহারে দিন কাটান। কাজের জন্য বাইরে যাচ্ছেন। আর মৃতদেহ হয়ে বাড়ি ফিরছেন। এইদিনের এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য নেত্রী রমা দাস, রাজ্য নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন জেভাবে নানা ইস্যুতে শাসক দলের সমালোচনা করেছেন এর জবাব বিজেপি নেতৃত্ব কিভাবে দেন সেটা সময়ই বলবে।
পুর নিগমের ৫ বছর অতিক্রম হলেও কাজ বলতে কিছুই নেইঃমানিক সরকার
4