আগরতলা, ১৭ নভেম্বর: — তেলিয়ামুড়া পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিকালে তেলিয়ামুড়ায় নির্বাচনী জনসভা ও রোড শো করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এইদিন প্রথমে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। তারপর তেলিয়ামুড়ার রাজপথে সুবিশাল রোড শো করেন মুখ্যমন্ত্রী। এইদিনের জনসভা ও রোড শো-তে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি রাজ্য নেতৃত্ব তাপস মজুমদার, তেলিয়ামুড়া মন্ডলের সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য সহ অন্যান্যরা। এইদিনের জনসভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন স্বচ্ছতার সাথে বর্তমান রাজ্য সরকার কাজ করে। সমগ্র বছর মানুষের সাথে থেকে কাজ করে বর্তমান সরকার। সিপিআইএম ও কংগ্রেসের মতো পরীক্ষার সময় পরীক্ষা দেয় না বিজেপি। যার কারণে নির্বাচনে বিজেপির ভালো ফলাফল হওয়াটা স্বাভাবিক। ২১ টি পুর ও নগর সংস্থার মধ্যে ইতিমধ্যে ৫ টিতে জয়ী হয়ে গেছে বিজেপি। বাকি গুলিতেও বিজেপি জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন মানুষ বিজেপির মেরুদণ্ড। সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ টি আসনের মধ্যে ৪ টিতে ইতিমধ্যে জয়ী হয়ে গেছে বিজেপি প্রার্থীরা। বাকি ১১ টি আসনের নির্বাচনকে সামনে রেখে এইদিন নির্বাচনী সভা করা হয়েছে। জনগণ বিজেপির সাথে রয়েছে। যার জন্য বিজেপির জয় নিশ্চিত। বিরোধীদের পাশে কোন লোক নেই। তাই তারা নাটক করছে। তারা নিজেরা গণতন্ত্র মানে না। নির্বাচনী সভা শেষে তেলিয়ামুড়া শহরে রোড শো করেন মুখ্যমন্ত্রী। রোড শো থেকে বিজেপি প্রার্থীদের হয়ে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
সিপিআইএম ও কংগ্রেসের মতো পরীক্ষার সময় পরীক্ষা দেয় না বিজেপিঃমুখ্যমন্ত্রী
1