আগরতলা, ১৯ নভেম্বর: –আসন্ন আগরতলা পৌর নিগম নির্বাচনকে ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে প্রার্থীদের প্রচার। পৌর নিগমের ক্ষমতার মসনদে কারা বসতে চলেছেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এরই অঙ্গ হিসেবে বুধবার আগরতলা পৌর নিগমের ২৯ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রুমা দাসের সমর্থনে নির্বাচনী প্রচারে বের হন রাজ্যের খাদ্য ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। দ্বিতীয়বারের মতো এই ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হয়েছেন রুমা দাস।
এদিন প্রচারে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার মণ্ডল সভানেত্রী স্বপ্না দাস-সহ দলের অন্যান্য মহিলা নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। প্রচার কর্মসূচিতে তাঁরা সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এবং দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রার্থনা করেন।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বিরোধী দলগুলিকে কটাক্ষ করে বলেন, বিরোধীরা শুধুমাত্র বিরোধিতা করতেই জানে। এলাকার উন্নয়নের স্বার্থে তারা কোনও উল্লেখযোগ্য কাজ করেনি বলে অভিযোগ করেন তিনি।
পাশাপাশি আগামী পাঁচ বছরে এই এলাকার উন্নয়নকে ঘিরে একাধিক পরিকল্পনা বাস্তবায়নের কথা তুলে ধরেন তিনি।
সব মিলিয়ে আসন্ন পৌর নিগম নির্বাচনকে কেন্দ্র করে ২৯ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। মন্ত্রী ও দলীয় নেতৃত্বের উপস্থিতিতে রুমা দাসের নির্বাচনী প্রচারকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এখন শেষ পর্যন্ত ভোটারদের রায় কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
২৯ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির দ্বিতীয়বারের মতো মনোনীত প্রার্থী রুমা দাসের সমর্থনে নির্বাচনী প্রচারে বের হন মন্ত্রী সুশান্ত চৌধুরী
6